উচ্চ আদালতের বিচারপতির মর্যাদায় বিটিআরসি চেয়ারম্যান

১০ মার্চ, ২০২০ ১৮:১৩  
উচ্চ আদালতের বিচারপতির পদ মর্যাদা পেলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বর্তমান চেয়ারম্যান। একইসঙ্গে কমিশনে ভাইস চেয়ারম্যানকে সচিব এবং কমিশনারদের অতিরিক্ত সচিবের পদমর্যাদা দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি এক প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে বিটিআরসি বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কমিশনারদের চুক্তির মেয়ারকাল পর্যন্ত যথাক্রমে হাইকোর্ট বিভাগের বিচারপতি, সরকারের সচিব এবং অতিরিক্ত সচিবদের পদমর্যাদা দেওয়া হলো। বর্তমানে জহরুল হক বিটিআরসির চেয়ারম্যান এবং সুব্রত রায় মিত্র ভাইস চেয়ারম্যানের দায়িত্বে আছেন। আর মো. আমিনুল হাসান ও মো. মহিউদ্দিন আহমেদ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিশনারের একটি পদ খালি রয়েছে। মো. জহুরুল হক ২০১৯ সালের ৩১ জানুয়ারি বিটিআরসির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ আছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। এর আগে তিনি বিটিআরসির ভাইস-চেয়ারম্যান এবং তারও আগে লিগাল কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।